দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সরকারের সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ব্যঙ্গ বা কথার কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিন্ন চিত্র পাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি ব্যঙ্গ করে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী রয়েছেন, তেমনি ৬৪ জেলায় ৬৪ জন আইনশৃঙ্খলা বিষয়ক ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না।
জ্বালানি সংকট ও লোডশেডিং নিয়েও সংসদে সমালোচনা করেন তিনি। রুমিন ফারহানা বলেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিয়ে মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তেলের দাম বাড়ছে, বিদ্যুতের জন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অনেক এলাকায় গ্যাসের সংকট রয়েছে।
তিনি বলেন, নির্বাচনে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন। একই সময়ে ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
রুমিন ফারহানা প্রশ্ন তুলে বলেন, এমন পরিস্থিতিতে নতুন কর্মসংস্থান কীভাবে তৈরি হবে এবং যারা বর্তমানে চাকরি করছেন, তাদের কর্মসংস্থান কতদিন নিরাপদ থাকবে—তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার নিয়েও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ওই অগ্রাধিকারের মধ্যে আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা অন্যতম। তবে এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, বাজারে অধিকাংশ সবজির দাম ৮০ টাকার নিচে নেই। ডিমের দাম কয়েক দফা বেড়েছে এবং চালের দামও বেড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর এর চাপ পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।