সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার মোকাবিলায় বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধের ধরন ও মাত্রা দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই সময়োপযোগী ও দক্ষ একটি ইউনিট গঠন এখন জরুরি হয়ে পড়েছে।
সোমবার (১১ মে) সকালে রাজধানীর শাপলা হলে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সাইবার ক্রাইম ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রাষ্ট্র ও সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ প্রতিরোধ ও দ্রুত আইনি ব্যবস্থা নিশ্চিত করতে একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হবে, যা প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনবল দিয়ে পরিচালিত হবে।
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও কঠোর বার্তা দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। সরকারের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং চেইন অব কমান্ড ও শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।
মন্তব্য করুন