রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশেখর এলাকায় ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। ঋণের বোঝা ও দীর্ঘদিনের অভাব-অনটনের যন্ত্রণা সহ্য করতে না পেরে মিনারুল ইসলাম (৩৫) নিজের স্ত্রী মনিরা বেগম (৩০) এবং দুই সন্তান মিথিলা খাতুন (৮) ও মাহিম (৫)-কে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে মিনারুল লিখেছেন, পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় তিনি সবাইকে নিজের হাতে হত্যা করেছেন। চিরকুটে তিনি উল্লেখ করেন, মৃত্যুর পর সন্তানদের আশ্রয়হীন ও কষ্টে ফেলে যেতে চাননি। তিনি লেখেন, “আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আমার জন্য আর কাউকে কারো কাছে ছোট হতে হবে না।”
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওসি জানান, প্রাথমিকভাবে এটি ঋণ ও চরম অভাবের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন