২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এবার প্রথমবারের মতো পরীক্ষার প্রশ্নপত্রের ধরনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে মন্ত্রণালয় — এমসিকিউয়ের পাশাপাশি থাকবে লিখিত অংশও।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, “আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারিখটি চূড়ান্ত করা হয়েছে, এখন আমরা পরীক্ষার সব প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “ভর্তি পরীক্ষায় এবার লিখিত অংশ যুক্ত হচ্ছে, তবে সেটি সীমিত পরিসরে। লিখিত অংশে ১০ থেকে ২০ নম্বর পর্যন্ত প্রশ্ন থাকতে পারে। বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।”
বৈঠকে উপস্থিত ছিলেন বিএমডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার দেড় মাস আগে ভর্তি আবেদন, সময়সূচি ও অন্যান্য নির্দেশনা প্রকাশ করা হবে। নতুন প্রশ্নপত্রের ধরন অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুতিও নিতে হবে ভিন্নভাবে।
মন্তব্য করুন