যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যখন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বক্তব্য দিতে উঠলেন, তখন উপস্থিত সবাই হাততালি দিয়েছেন। এতেই বোঝা যায়, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা।”
এ সময় তিনি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যও কামনা করেন।
স্পিকার বলেন, দেশে যদি নাসের শাহরিয়ার জাহেদীর মতো আরও কয়েকজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি থাকতেন, তাহলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বমানের ফুটবলের কাছাকাছি পৌঁছে যেতে পারত।
অনুষ্ঠানে শিশুদের ফুটবল খেলা দেখে নিজের তরুণ বয়সের স্মৃতিচারণও করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এখানে এসে আমি আমার তরুণ বয়সে ফিরে গেছি। যশোর আমার সবচেয়ে প্রিয় শহর। আমি যশোর ক্যান্টনমেন্টে যুদ্ধ করেছি, চাকরিও করেছি। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও একাডেমি হওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশের ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। এ সময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জাইন আজিজ।
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও বিবেচনা করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার নাসের শাহরিয়ার জাহেদী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অনেকে।
মন্তব্য করুন