পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোতে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে এই ছুটি কার্যকর হবে। তবে তৈরি পোশাক শিল্প খাতসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে সীমিত পরিসরে দুই দিন কিছু এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে।
তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নির্বিঘ্ন করতে শিল্পাঞ্চলগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকের শাখা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে চালু থাকবে। এসব শাখায় অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা এবং বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে সীমিত আকারে ব্যাংকিং সেবা অব্যাহত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
মন্তব্য করুন