লিবিয়ার বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭০ জন স্বেচ্ছায় প্রত্যাবাসনেচ্ছুক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়েছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে। পাশাপাশি লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সক্রিয় সহযোগিতায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, দেশে ফিরে আসা বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে দালালচক্রের ফাঁদে পড়ে পাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহৃত হন এবং ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। প্রত্যাবাসনকৃত ব্যক্তিদের কেউ কেউ জানান, অবৈধ পথে বিদেশে যাওয়ার স্বপ্নে তারা দালালের কথায় সর্বস্ব হারিয়ে বিপদে পড়েন।
ফেরত আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভুক্তভোগীদের তিক্ত অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেক বাংলাদেশিকে প্রাথমিক সহায়তা হিসেবে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন হলে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও আটকে থাকা অন্যান্য বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ও আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়েছে।
মন্তব্য করুন