ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে পঞ্চম সেশন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। টানা পাঁচ সেশনে স্বাগতিকদের বিপক্ষে দাপট ধরে রেখে খেলছে টাইগাররা।
নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হয়েছেন তানজিদ হাসান তামিম। পঞ্চম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৬ রান।
শুক্রবার (১৪ আগস্ট) ডারউইনের মারারা ওভালে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামেন মমিনুল হক ও তানজিদ হাসান তামিম।
মমিনুল-তানজিদের ব্যাটে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। তবে ২০০৩ সালে হাবিবুল বাশার সুমন ও হান্নান সরকারের গড়া ১০৮ রানের জুটি ভাঙার আগেই ৪৯ রানে আউট হন মমিনুল। ফলে ১০২ রানে ভাঙে তাদের জুটি।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে তানজিদের সঙ্গে জুটি গড়েন। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নেয় বাংলাদেশ।
লিড নেওয়ার পর ইনিংসের ৬৪তম ওভারে তানজিদ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন এই ব্যাটার।
তবে সেঞ্চুরি করার পর বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। ইনিংসের ৬৬তম ওভারে নাথান লায়নের বলে লং অফের ওপর দিয়ে খেলতে গিয়ে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ১০১ রানে সাজঘরে ফেরেন তিনি।
এরপর উইকেটে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। অধিনায়ক শান্তর সঙ্গে মিলে লিড আরও বাড়ানোর কাজ করেন মুশফিক। পঞ্চম সেশন শেষে বাংলাদেশ ৮৮ রানের লিড পেয়েছে। শান্ত অপরাজিত আছেন ৭৯ রানে, আর মুশফিকুর রহিম অপরাজিত ২৬ রানে।