বিশ্ব ফুটবলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় টুর্নামেন্টের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে ফুটবলকে জনপ্রিয় করে তুলতে শিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে Kylian Mbappé-কে ঢাকায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এজন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠনের নির্দেশনা দেওয়া হবে।
মীর শাহে আলম আরও জানান, কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় কিংবা সাধারণ কলেজ—যে প্রতিষ্ঠানই হোক, ফুটবল দল গঠন নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। শিক্ষার্থী কম থাকলেও বিকল্প উপায়ে দল গঠনের ব্যবস্থা করতে হবে এবং কেন কোনো প্রতিষ্ঠান দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা হবে।
আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে আয়োজিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।