জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত জাদুঘর হিসেবে স্বীকৃতি দিয়ে আইন করার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) সকালে এনসিপির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জুলাই জাদুঘর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই স্মৃতি জাদুঘরকে স্বায়ত্তশাসিত কাঠামো দেওয়া দরকার। এখানে অন্তত ২০০ জনবল প্রয়োজন। কিন্তু ১২ থেকে ১৫ জন স্বেচ্ছাসেবক দিয়ে এটি পরিচালিত হচ্ছে। ফলে জাদুঘরটি ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, ‘১৬ বছর ধরে ফ্যাসিবাদের নির্মমতা ও ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন। শুধু দেশীয় ফ্যাসিবাদ নয়, হাসিনা আমলে বৈদেশিক শক্তিগুলোও ফ্যাসিবাদ তৈরিতে যে প্রভাব রেখেছে, সেই চিত্রও এখানে থাকা দরকার।’
নাহিদ ইসলাম বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময়েই এই জাদুঘর খোলার উপযোগী ছিল। এরপরও বিএনপি সরকার জাদুঘরটি খুলতে পাঁচ মাস সময় নিয়েছে। বর্তমানে এখানে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, ‘জাদুঘরে সীমান্ত হত্যা ও ফেলানির কিছু স্মৃতিচিহ্ন ছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। বিএনপির ১৬ বছর ধরে নির্যাতনের স্মৃতিচিহ্ন এখানে বাড়ানো হয়েছে। ফলে দলীয় বক্তব্য রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখানে দলীয় কোনো কিছু যাতে হাইলাইট না হয়, জাতীয় বিষয়গুলোই যেন থাকে—সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে। জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ঢাকার বাইরের স্কুল-কলেজগুলোর কোনো নিদর্শন এখানে রাখা হয়নি।’
জুলাই জাদুঘরকে আরও শৈল্পিকভাবে উপস্থাপন করার বিষয়ে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।