ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীর হোসেন (৪৬) এসআরবির উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে সেখানে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তবাগ গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন এসআরবি সদস্যরা। এ সময় আলমগীর হোসেনসহ কয়েকজন একটি কাভার্ডভ্যান তল্লাশি করছিলেন।
একপর্যায়ে আরেকটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ট্রাকটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায় এবং আলমগীর হোসেন গুরুতর আহত হন।
সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় ট্রাকচালক সজীবও আহত হয়েছেন। তাঁকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে।
মহিপাল হাইওয়ে থানার ওসি কবির হোসেন জানান, আহত অবস্থায় এসআরবি কর্মকর্তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহত কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মহাসড়কে দুর্ঘটনা ঘটায় পরবর্তী আইনি ব্যবস্থা হাইওয়ে পুলিশ নেবে।