তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়নদের সামলে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।
শুক্রবার (১৪ আগস্ট) দ্বিতীয় দিনের সকালটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করেন মমিনুল হক ও তানজিদ হাসান তামিম। বাংলাদেশকে শতরানের মাইলফলকে পৌঁছে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন দুজন। এরই মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ। সুযোগ ছিল মমিনুলেরও।
তবে জুটির শতরান পূর্ণ হতেই জশ হ্যাজেলউডের গুড লেংথের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন মমিনুল। ৯৪ বলে ৪৯ রান করে ফেরেন তিনি। মমিনুলের বিদায়ে ১৬৯ বল স্থায়ী ১০২ রানের জুটি ভাঙে।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়েন তানজিদ। ৭৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। নাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। একই ওভারে সেঞ্চুরি তুলে নেন তানজিদও। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে তিন অঙ্কের রান করা প্রথম বাংলাদেশি ব্যাটার হন তিনি।
তবে শতক হাঁকানোর পর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। দলীয় ২৩১ রানে সাজঘরে ফেরেন তিনি। ১৬৭ বলে ১০১ রানের ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কা।
দিনের প্রথম দুই সেশনে একটি করে উইকেট হারালেও তৃতীয় সেশনে কিছুটা খেই হারায় বাংলাদেশ। দ্বিতীয়বার নতুন বল নেওয়ার পর মাত্র ১১ রানের মধ্যে তিন উইকেট হারায় টাইগাররা।
১৯৬ বলে ৮৪ রান করা শান্তকে ফেরান হ্যাজেলউড। এরপর মুশফিকুর রহিমকে ৩৬ রানে আউট করেন প্যাট কামিন্স। আর ১৯ বলে কোনো রান না করেই স্টার্কের বলে সাজঘরে ফেরেন লিটন দাস।
তৃতীয় সেশনে অস্ট্রেলিয়ার বোলাররা যখন বাংলাদেশের ওপর চাপ তৈরি করছিলেন, তখন তা সামাল দেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। এই দুই ব্যাটারের দৃঢ়তায় বাংলাদেশের লিড ১৫০ রান ছাড়িয়ে যায়।
দিনশেষে মিরাজ ৩২ এবং হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত রয়েছেন।