চলমান বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এদিকে, অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পরীক্ষার্থীদের দ্রুত অবহিত করতে সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছে।