চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষার্থীরা অন্তর্ভুক্ত থাকবেন।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং দলীয় সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা হিসেবে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ড. মাহদী আমিন জানান, উদ্ধার কার্যক্রমে বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ডসহ বিভিন্ন সরকারি বাহিনী কাজ করছে। পাশাপাশি এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে এর আগে শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। এবার সেই স্থগিতাদেশ আগামী ১৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।