বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও নতুন অতিথি আগমনের সুখবর দিয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের ছবি শেয়ার করে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান দীপিকা, যা প্রকাশের পর থেকেই ভক্ত ও বিনোদন অঙ্গনে আনন্দের ঢেউ বইছে।
শেয়ার করা ছবিতে দেখা যায়, তাদের প্রথম সন্তান দুয়া পাডুকোন সিং একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে, যেখানে পজিটিভ ফলাফলের দুটি লাল দাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ছবিটিতে রণবীর ও দীপিকার হাতও দৃশ্যমান রয়েছে। বড় বোন হতে যাওয়া দুয়ার এই মুহূর্তটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
দীপিকা পোস্টের ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না লিখে শুধুমাত্র ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেন। এরপর থেকেই বলিউড তারকারা ও ভক্তরা দম্পতিকে শুভেচ্ছা জানাতে থাকেন। পরিণীতি চোপড়া, সামান্থা রুথ প্রভুর মতো তারকারাও মন্তব্যে অভিনন্দন জানান।
২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন রণবীর-দীপিকা দম্পতি। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। বর্তমানে দীপিকা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমায় কাজ করছেন। অন্যদিকে রণবীর সিং তার সাম্প্রতিক সফল ছবি ‘ধুরন্ধর’-এর পর নতুন প্রজেক্ট ‘প্রলয়’-এর প্রস্তুতি নিচ্ছেন।