এক সময় বড় পর্দায় নিয়মিত দেখা গেলেও বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তবে ক্যারিয়ারের আলোচিত সময়ের একটি স্মৃতি সম্প্রতি প্রকাশ করেছেন তিনি, যা নিয়ে বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। পূর্ণিমা জানিয়েছেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক সময় তাকে একটি শুভেচ্ছা চিঠি পাঠিয়েছিলেন।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে এই অভিনেত্রী জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখেছিলেন তারেক রহমান। সিনেমাটি দেখার পর তিনি মুগ্ধ হয়ে অভিনয়শিল্পীদের প্রশংসা করেন এবং শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠান।
পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, সেই চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘মনের মাঝে তুমি’ সিনেমার সংশ্লিষ্ট সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন। পাশাপাশি তিনি লিখেছিলেন, এ ধরনের মানসম্মত সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত এবং ভালো কাজের ধারাবাহিকতা যেন অক্ষুণ্ন থাকে—সে কামনাও করেছিলেন।
পূর্ণিমা বলেন, ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ ছিল না। তাই চিঠিটি পাওয়ার পর তার মা পরিচিত সাংবাদিকদের ডেকে এনে সেটি দেখিয়েছিলেন। তারেক রহমানের এমন আন্তরিকতা ও উদার আচরণ চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
জানা গেছে, পূর্ণিমার এই স্মৃতিচারণ নিয়ে তৈরি পডকাস্ট অনুষ্ঠানটি আজ শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।