আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে দেশের ঢাকাসহ ১৪টি জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, গোপালগঞ্জ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর জেলায় একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্ট অঞ্চলের মানুষকে ঝড়-বৃষ্টির সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।