সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা-২০২৬ সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনায় কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য এবং প্রশ্নপত্র গ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের বিস্তারিত তথ্য দ্রুত বোর্ডে পাঠাতে বলা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ডসহ সংশ্লিষ্ট তথ্য নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি ট্রেজারি থেকে যেসব শিক্ষক ও কর্মচারী প্রশ্নপত্র গ্রহণ করবেন, তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও একই ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসব তথ্য controller@dhakaeducationboard.gov.bd ই-মেইলে পাঠাতে হবে এবং রবিবার অফিস সময়ের মধ্যেই নির্ধারিত ই-মেইলে তথ্য পাঠানো বাধ্যতামূলক। নির্দেশনায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের এ উদ্যোগকে পরীক্ষাকেন্দ্রে নজরদারি জোরদার ও প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।