রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে আগামী পাঁচ দিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এরপর বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য অংশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিনও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের প্রথমার্ধে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং শেষের দিকে আবারও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
মন্তব্য করুন