জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর জন্য ২৮টি ক্যাটাগরিতে ৩২ জন শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিকে মনোনীত করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রবীণ অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক আজীবন সম্মাননা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং প্রয়াত চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চু-কে মরণোত্তরভাবে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে।
এবারের আসরে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে সাঁতাও। ছবিটি সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকের পুরস্কার জিতেছে। এ চলচ্চিত্রের পরিচালক কে এম খালিদুজ্জামান সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন। এছাড়া মারিয়াম সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং লীলাবতী নাগ: দ্য রেবেল সেরা প্রামাণ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।
অভিনয় বিভাগে আফরান নিশো সুড়ঙ্গ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। অন্যদিকে আইনুন নাহার পুতুল ‘সাঁতাও’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন।
পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে মনির আহমেদ সেরা পার্শ্ব অভিনেতা এবং নাজিয়া হক অর্ষা ‘ওরা সাত জন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এছাড়া আশীষ খন্দকার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা খল চরিত্রে অভিনয়ের পুরস্কার এবং শহীদুজ্জামান সেলিম ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা কৌতুক চরিত্রে অভিনয়ের পুরস্কার অর্জন করেছেন।
শিশু শিল্পী বিভাগে মোহাম্মদ লিওন ‘আম-কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা শিশু শিল্পী নির্বাচিত হয়েছেন। একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরিফ হাসান এবং আনাইরা খান বিশেষ শিশু শিল্পী পুরস্কার পেয়েছেন।
সংগীত বিভাগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য ইমন চৌধুরী সেরা সংগীত পরিচালক নির্বাচিত হয়েছেন। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’র জন্য বালাম সেরা পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন। অন্যদিকে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ গানের জন্য অবন্তী দেব সিথী সেরা নারী কণ্ঠশিল্পীর স্বীকৃতি অর্জন করেছেন।
এছাড়া ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের জন্য হাবিবুর রহমান হাবিব সেরা নৃত্য পরিচালক নির্বাচিত হয়েছেন। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য সোমেশ্বর অলি সেরা গীতিকার, প্রিন্স মাহমুদ সেরা সুরকার এবং ফারুক হোসেন সেরা কাহিনিকার হিসেবে পুরস্কার পেয়েছেন।
চিত্রনাট্য বিভাগে ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য মো. তাসনিমুল হাসান সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা সাত জন-এর জন্য মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ বাবু সেরা সম্পাদক হয়েছেন।
‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য রায়হান রাফী এবং সৈয়দ নাজিম উদ দৌলা যৌথভাবে সেরা সংলাপ রচয়িতা নির্বাচিত হয়েছেন। একই চলচ্চিত্রের জন্য শহিদুল ইসলাম সেরা শিল্প নির্দেশক এবং সুমন কুমার সরকার সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন। অন্যদিকে ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য সুজন মাহমুদ সেরা শব্দগ্রাহক নির্বাচিত হয়েছেন।
এছাড়া ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য বিথী আফরিন সেরা পোশাক ও সেট ডিজাইনার এবং ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য সবুজ সেরা মেকআপ শিল্পীর পুরস্কার অর্জন করেছেন।