রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, শিশুদের ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়াই এই মর্মান্তিক ঘটনার প্রধান কারণ।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্তে হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি ও দায়িত্বে অবহেলার চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালটি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে পারেনি। বিশেষ করে পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধার অভাব, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি এবং দায়িত্বপ্রাপ্তদের গাফিলতির বিষয়গুলো স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, সে বিষয়ে আগামী ৭ জুন সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।
গত ২৭ মে সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পরপরই কারণ অনুসন্ধান এবং সম্ভাব্য অব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে তদন্তের পরিধি বাড়িয়ে কমিটিতে নিউরো বিশেষজ্ঞ চিকিৎসক, প্রকৌশলীসহ আরও কয়েকজন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়।
প্রাথমিকভাবে এসির গ্যাস লিকেজকে মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করা হলেও বিস্তারিত তদন্তে সেই ধারণা সঠিক নয় বলে প্রমাণিত হয়। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে শিশু ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিকেই মৃত্যুর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তদন্তে যদি গাফিলতি বা অবহেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দায় প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, রোগীদের জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা সরকার বরদাশত করবে না।