চলতি এপ্রিল মাসজুড়ে দেশে প্রায় ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের মধ্যে কালবৈশাখী ও বজ্রঝড়ের ঝুঁকিও থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, মাসজুড়ে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এদিকে চলতি মাসে দেশের ওপর দিয়ে মোটামুটি ৬টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্বাভাসে উল্লেখ করা হয়, এপ্রিলে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, ঘূর্ণিঝড়ের সম্ভাবনার পাশাপাশি তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের ঝুঁকি থাকায় উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে সতর্কতা ও প্রস্তুতি নেওয়া জরুরি।
মন্তব্য করুন