দেশজুড়ে গরমের দাপট দিন দিন বাড়ছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত ও শিলাবৃষ্টিও দেখা যাচ্ছে। এমন আবহাওয়ার মধ্যেই এপ্রিল মাস নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলতি মাসে দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে একই সঙ্গে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, এপ্রিল মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রা পরিস্থিতি নিয়েও সতর্ক করেছে আবহাওয়া অফিস। জানানো হয়েছে, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও একাধিক দফায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এ মাসে দেশে ২ থেকে ৪টি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহও (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাসে এপ্রিল মাসজুড়ে গরম ও ঝড়-বৃষ্টির দ্বৈত প্রভাবের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন