সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জনের শরীরে হাম এবং হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে করে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ২ জনের। অন্যদিকে হাম রোগের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯ জন শিশু। অর্থাৎ মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে সাম্প্রতিক সময়ে হাম ও হামসদৃশ উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর আগেই সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে হাম ও সন্দেহভাজন হাম রোগীদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণ এবং চিকিৎসা নিশ্চিত করতে আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণসহ বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নের কথাও বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত শনাক্তকরণ, টিকাদান কার্যক্রম জোরদার এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিভাবকদের সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন