পটুয়াখালীর মীর্জাগঞ্জে চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার অভিযোগে বিএনপির এক নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রাসেল মৃধা (৪৫), যিনি মীর্জাগঞ্জ উপজেলার ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল মৃধার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল এবং মাদক বিক্রির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে চাঁদাবাজির একটি মামলা ইতোমধ্যে থানায় রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, রাসেল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং অন্যান্য অভিযোগ নিয়েও তদন্ত চলছে।