পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করেন এক ব্যক্তি, যাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ওই ব্যক্তির একাধিক ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হয়, তিনি নাকি একজন ধনাঢ্য ব্যক্তি এবং দলীয় পরিচয়ের মাধ্যমে কৃষক কার্ড পেয়েছেন।
এ নিয়ে আলোচনায় আসা ওই ব্যক্তির নাম কবির হোসেন। কালের কণ্ঠের অনুসন্ধানে জানা গেছে, কবির হোসেনের বাড়ি টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে এবং তিনি বাস্তবেই একজন কৃষক। পাশাপাশি তিনি নিজের ফেসবুক পেজে ভিডিও কনটেন্ট তৈরি করে থাকেন, যার কারণে এলাকায় তিনি পরিচিত মুখ।
স্থানীয়দের বরাতে জানা যায়, কবির হোসেন ১৯৯২ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, তবে অকৃতকার্য হওয়ার পর কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমান। প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে তিনি কৃষিকাজে যুক্ত হন। তিনি নিজস্ব একটি সেচ মেশিন কিনেছেন, যা দিয়ে নিজের জমির পাশাপাশি অন্যের জমিতেও সেচ কার্যক্রম পরিচালনা করেন।
কৃষিকাজের পাশাপাশি কবির নিয়মিত ফেসবুকে ছবি ও ভিডিও প্রকাশ করে থাকেন, যা তাকে এলাকায় আরও পরিচিত করে তুলেছে। তবে রাজনৈতিক পরিচয় নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান দাবি করেছেন, কবির হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং তার কোনো দলীয় পদ-পদবি নেই। তিনি বলেন, কবির একজন কৃষক এবং সেচ মেশিন পরিচালনা করেন।
এদিকে কবির হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবির বিষয়ে তার পাশের গ্রামের বাসিন্দা রিফাত ইসলাম দাবি করেছেন, ভাইরাল হওয়া ছবিগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। এসব ছবি দেখে অনেকেই ভুল ধারণা করছেন যে কবির ধনী মানুষ এবং কৃষক নন। তিনি জানান, কবির নিজের জমিতে কৃষিকাজ করেন এবং কৃষিজমিতে সেচ দেওয়ার কাজও করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কবির হোসেন বলেন, এতদিন কৃষকদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছিল না, কৃষক কার্ডের মাধ্যমে প্রথমবারের মতো তারা সেই স্বীকৃতি পাচ্ছেন। আলোচনা শুরু হওয়ার পর নিজের ফেসবুকেও একাধিক ভিডিও প্রকাশ করেন কবির, যেখানে তিনি কৃষিকাজের নানা প্রমাণ তুলে ধরেন।
এক ভিডিও বার্তায় কবির হোসেন বলেন, কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার কারণে তাকে নিয়ে অনেক কথা হচ্ছে। তিনি দাবি করেন, তিনি সত্যিকার অর্থেই একজন কৃষক এবং যারা তাকে ভাইরাল করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
মন্তব্য করুন