ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সচিব

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১২:০৯
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সচিব


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, জাতীয় সংসদের ভোটার তালিকা হাতে পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হবে।


সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে জাতীয় সংসদ সচিবালয়ে অনুরোধ জানানো হয়েছে। তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।


তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও আচরণবিধি সংশোধনের জন্য কিছু প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এসব প্রস্তাবে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপিদের বিষয়ে নতুন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়াটি শিগগিরই আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।


নির্বাচনের সময়সূচি সম্পর্কে আখতার আহমেদ বলেন, সাধারণত তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত প্রায় ৪৫ দিনের ব্যবধান রাখা হয়। ভোটার তালিকা হালনাগাদসহ প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়গুলো বিবেচনায় রেখে ‘ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন’ পদ্ধতিতে সময় নির্ধারণ করা হয়।


তিনি বলেন, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে ভোটার তালিকা হালনাগাদের কাট-অফ সময়ও বাড়ানো হতে পারে, যাতে ঘোষণা এলেই দ্রুত কার্যক্রম শুরু করা সম্ভব হয়।


এনআইডি সংশোধন প্রসঙ্গে ইসি সচিব জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নির্ধারণ করা হয়নি।


রাজনৈতিক দলগুলোর নিরীক্ষা (অডিট) প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত শেষ তারিখ ছিল ৩১ জুলাই। তবে ওই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ২ আগস্ট পর্যন্ত প্রতিবেদন গ্রহণ করা হয়েছে।


তিনি জানান, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে অডিট প্রতিবেদন জমা দিয়েছে। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে, আর আটটি দল কোনো ধরনের সাড়া দেয়নি। আইন অনুযায়ী এসব দলকে নোটিশ দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য