গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা মণ্ডলপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মাদকবিরোধী কমিটির আহ্বায়ক, সমাজসেবক ও আলিফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. সাজেদুল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমএ এ গাফফার মোল্লা, যুগ্ম আহ্বায়ক মমতাজুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম বাবু, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর মিয়া, প্রভাষক মাহফুজুর রহমান, শিক্ষক সাইদুর রহমান ও সমাজসেবক আব্দুর গফুর মন্ডলসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবারের সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধও বাড়াতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে তালুক ফলগাছা, মণ্ডলপাড়া, বামনডাঙ্গাসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।