গাজীপুরের শ্রীপুরে বাসা পরিবর্তনের সময় এক পোশাকশ্রমিক নারীকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ সময় তাঁর স্বামীকে একটি কক্ষে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেছেন স্বজনরা। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের হান্নু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী আলিয়া (ছদ্মনাম) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভুরুঙ্গা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। তিনি স্থানীয় ডিবিএল পোশাক কারখানায় সুইং অপারেটরের সহকারী হিসেবে কাজ করেন। এতদিন তিনি হান্নু মার্কেট এলাকায় হারুন মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
ভুক্তভোগীর ভাবি নাছিমা জানান, তিন মাসের বকেয়া বাড়িভাড়া পরিশোধ করে তাঁরা সোমবার রাতে বাসা পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন। মালামাল নিয়ে ভাড়া করা গাড়িতে ওঠার সময় চার ব্যক্তি এসে তাঁদের পথরোধ করেন। প্রথমে তাঁরা বাড়িভাড়া পরিশোধের বিষয়ে জানতে চান। পরে বাড়ির মালিক হারুন মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বকেয়া ভাড়া পরিশোধের বিষয়টি নিশ্চিত করেন।
এরপরও ওই ব্যক্তিরা মালামালসহ গাড়িটি আটকে দেন এবং মালামাল ছাড়ার বিনিময়ে ৪০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর স্বামীকে একটি কক্ষে আটকে রেখে আলিয়াকে অন্য একটি কক্ষে নিয়ে চারজন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ওই নারী অভিযুক্তদের মধ্যে দুজনকে শনাক্ত করেছেন বলে জানিয়েছেন স্বজনরা। তাঁরা হলেনগাজীপুর ইউনিয়নের হান্নু মার্কেট এলাকার সুলতান সুরির ছেলে নয়ন এবং ফারুক নামের এক ব্যক্তি। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।