সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের মক্কার আল-সাফা প্রাসাদে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সৌদি আরবে পৌঁছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে আলোচনার পর তিন দেশের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হলো।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক, ইসলামী সংহতি, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে তিন দেশের সম্মিলিত নিরাপত্তা জোরদারের যৌথ অঙ্গীকারের প্রতিফলন এই চুক্তি।