সারাদেশের সব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হন, সে উদ্যোগ সরকার নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, পণ্যের কৃত্রিম সংকটের পেছনে মজুতদাররা দায়ী। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী মজুতদারদের জন্য শাস্তির বিধান রয়েছে। সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুতদারি করবেন, তারা ভেবেচিন্তে করবেন।
এ সময় তিনি বলেন, ‘আমার আত্মতুষ্টির জন্য সরাসরি বাজারে এসেছি। কোনো বিক্রেতা বা কৃষক কোনো অভিযোগ করেন কি না, সেটা দেখার জন্য। এখন পর্যন্ত বিক্রেতারা খুশি আছেন। তবে কেউ কেউ বলছেন, যারা পণ্য ক্রয় করেন, তারা একটি সিন্ডিকেট করে কিনবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা এক থেকে দুই সপ্তাহ দেখব। এরপর তারা না কিনলে এখানে বিকল্প ব্যবসায়ী তৈরি হবে। আর যারাই সিন্ডিকেট করে পণ্য না কিনে কৃষকের ক্ষতি করার চেষ্টা করবেন, তারা আইনগতভাবে দণ্ডের মুখোমুখি হবেন। সেটিও আমরা নিশ্চিত করব।’