সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:০৩
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দীর্ঘ ২০ বছর পর এটি হতে যাচ্ছে তার যুক্তরাষ্ট্র সফর।


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী অন্য কোনো দেশ সফর করবেন না। তার সফরসূচি ও অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন।


প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে নোট ভার্বাল পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে।


কর্মকর্তারা জানিয়েছেন, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান।


জাতিসংঘের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিন হতে পারে। সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।


এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে দীর্ঘ ৪০ বছর পর একই অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান এবং সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দুজন বাংলাদেশির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। নিউইয়র্কে তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


এরই মধ্যে কর্মসূচি সফল করতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা অনলাইনে প্রস্তুতি সভা করেছেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীদের নিউইয়র্কে জড়ো হওয়ার প্রস্তুতিও চলছে।


এর আগে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। সরকার গঠনের পর গত ২১ থেকে ২৬ জুন প্রথম বিদেশ সফরে তিনি মালয়েশিয়া ও চীন যান। ওই সফরে দুই দেশের সঙ্গে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি-রপ্তানি ও করিডর স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়।


এরপর কয়েকটি দেশ সফরের আমন্ত্রণ পেলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য