শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলতে পারে: প্রতিমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১২:৪১
শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলতে পারে: প্রতিমন্ত্রী

ভারতের মাটিতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের অন্য কোনো পলাতক নেতার রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।


সোমবার (৩ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। তবে পলাতক আসামিরা যদি ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেন বা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেন, তাহলে তা দুই দেশের সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।


তিনি জানান, সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে সরকারের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং বাংলাদেশ সবসময় পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।


আগামী ৫ আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনার সম্ভাব্য ভার্চুয়াল বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকার আগেই জানিয়েছে যে তারা পলাতক কোনো আসামির রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যাশা করে না। এ ধরনের আয়োজনের বিষয়ে ভারতের অবস্থান তাদেরই স্পষ্ট করতে হবে।


তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, ভারতের মাটি ব্যবহার করে কোনো সাজাপ্রাপ্ত বা পলাতক ব্যক্তি যেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। প্রয়োজন হলে এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে।


বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে ভারতের একটি সংসদীয় কমিটির উদ্বেগের বিষয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারত, চীনসহ সব দেশের সঙ্গে সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।


তিনি বলেন, পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষা করা।


যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডারের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশের প্রতিনিধিদলের সফরকে সরকার ইতিবাচকভাবে দেখে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং সম্ভাব্য বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়েও আলোচনা চলছে।


সৌদি আরবের উদ্যোগে গঠিত ১৩ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ নীতিগতভাবে এ উদ্যোগকে সমর্থন করেছে। তবে জোটে অংশগ্রহণের পরিধি ও কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি।


এদিকে, সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচি যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য