সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন। এ সময় দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এই ঘাস ব্যবহারের সম্ভাবনা ও উপকারিতা নিয়ে আলোচনা হয়।
বিন্না ঘাসের ব্যবহার কোন কোন প্রকল্পে করা যেতে পারে, তা বিস্তারিত পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা থাকবেন।
এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিন্না ঘাস ব্যবহারের বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিন্না ঘাসকে ভেটিভার ঘাসও বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে মাটির ক্ষয় ও বাঁধের ভাঙন রোধে এই ঘাস ব্যবহার করা হয়।
এর দীর্ঘ ও ঘন শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে মাটিকে শক্তভাবে ধরে রাখে। প্রচণ্ড ঠান্ডা ও তীব্র গরমসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশেও এটি টিকে থাকতে পারে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকলেও সহজে পচে না এবং লবণাক্ত পানিতেও বেঁচে থাকার সক্ষমতা রয়েছে।