শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যার অভিযোগ

দে
শার্শা উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২২
শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যার অভিযোগ


যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর বাবা নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের দিকে শার্শা থানাধীন চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের (৪৫) বসতবাড়িতে এ ঘটনা ঘটে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তাদের ঘরে মোট সাতজন সন্তান রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে তার আগের দুই স্ত্রীর সঙ্গে পূর্বেই বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ তৃতীয় স্ত্রীও নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে তার বাবার বাড়িতে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


পরে তৃতীয় স্ত্রীর ঘরের দুই শিশু—সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর)—কে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এরপর কামাল হোসেন নিজেও বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য রয়েছে।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক বলেন, এ ঘটনায় লাশ তিনটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর পেছনে পারিবারিক কোনো বিরোধ বা অন্য কোনো কারণ ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য