দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে উষ্ণ শুভেচ্ছা জানান দুই মন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত করার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭১ সালে ভুটানের স্বীকৃতির বিষয়টিও আলোচনায় স্মরণ করা হয়।
বৈঠকে ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন উদ্যোগে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। বিশেষ করে প্রকল্পটিতে বাংলাদেশ থেকে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনবল দেওয়ার আগ্রহের কথা জানানো হয়।
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার উদ্যোগের কথা উল্লেখ করেন বাংলাদেশের দুই মন্ত্রী। একই সঙ্গে সার্ককে পুনরুজ্জীবিত করার চলমান প্রচেষ্টায় ভুটানের সহযোগিতা কামনা করেন তারা।
সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ঢাকায় প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে অবস্থানের পর তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।