২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাড়ে ৭ বছরে দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। নিহতদের বড় একটি অংশ কিশোর ও তরুণ।
শনিবার (৮ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনার ৩৯ দশমিক ৩০ শতাংশ ঘটেছে ভারী যানবাহনের ধাক্কায়। আর ৩৪ দশমিক ২১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর কারণে।
প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী পণ্যবাহী যানবাহন। দুর্ঘটনায় আক্রান্তদের ৫৮ শতাংশের বয়স ১৩ থেকে ৩৫ বছরের মধ্যে।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা এবং দুর্বল আইন প্রয়োগের কারণে দেশে মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে।
সড়ক দুর্ঘটনা কমাতে মানসম্পন্ন হেলমেট ব্যবহার নিশ্চিত করা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুপারিশ করেছে সংগঠনটি।