নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নতুন রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের এটিই প্রথম সাক্ষাৎ। সাক্ষাতে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি সাক্ষাতে উপস্থিত ছিলেন না।
সাক্ষাতে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম ও সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। একই সঙ্গে সামনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।
ইসি সূত্র জানিয়েছে, অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে নভেম্বরে ভোট আয়োজনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ভোটার তালিকা চূড়ান্তকরণ, সম্ভাব্য ভোটকেন্দ্র নির্ধারণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়সহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরদিন ২১ আগস্ট তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।