আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও একই তথ্য জানান।
তারেক রহমানের সভাপতিত্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ প্রেক্ষাপটে দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করার পূর্ণ দায়িত্ব তারেক রহমানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।