প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩২
প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে।


রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম।


তিনি বলেন, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতসহ অন্যান্য পলাতক আসামিদের ফেরত দেওয়া এবং একটি অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।


শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ করছেন। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের পর এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।


তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি।’


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষকে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে আমাদের অনুরোধে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’


এ ছাড়া দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।


তিনি বলেন, ‘আমরা তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’


বাংলাদেশের পররাষ্ট্রনীতির অবস্থান তুলে ধরে শহীদুল করিম বলেন, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশীসহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ তার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে যাবে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য