প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৫:৪৪
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।


সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিদ্যমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার এবং যৌথভাবে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন সম্ভব। পরে তার এ বক্তব্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।


এর আগে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরদিন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।


পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক্সে দেওয়া আরেক পোস্টে সার্জিও গোর তার প্রথম বাংলাদেশ সফরকে ফলপ্রসূ উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


এ ছাড়া বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা লেভেল–৩ থেকে লেভেল–২-এ নামিয়ে আনার বিষয়েও তিনি জানান। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, মাঠপর্যায়ের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে ভ্রমণের জন্য আগের তুলনায় নিরাপদ হিসেবে মূল্যায়ন করেছে। তবে কয়েকটি নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য