পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 12 Jul 2026, 11:48 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) সচিবালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে হবে। একই সঙ্গে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দেন তিনি।

বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তারা জানান, চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া রংপুর অঞ্চলে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে বলে তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য