নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সুসংহত ও অধিকারভিত্তিক করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিতকরণ এবং দেশের অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শামা ওবায়েদ বলেন, অভিবাসন বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনের নেতৃত্ব ও অঙ্গীকার, জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করতে হবে। একই সঙ্গে বৈদেশিক শ্রমবাজার বহুমুখীকরণ এবং নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নিজ নির্বাচনী এলাকার অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন, মানবপাচার, অভিবাসী চোরাচালান এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের ভেতরে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে পারলেই বিদেশে থাকা বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষা আরও নিশ্চিত করা সম্ভব। এ জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে সমন্বিতভাবে অভিবাসন ব্যবস্থাপনাকে আধুনিক ও অধিকারভিত্তিক করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক অভিবাসীবান্ধব নীতি প্রণয়ন এবং মাঠ প্রশাসনের মাধ্যমে অভিবাসনপ্রত্যাশী ও প্রত্যাগত অভিবাসীদের কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
অভিবাসনপ্রবণ ১৪ জেলার জেলা প্রশাসকেরা নিজ নিজ এলাকার অভিবাসন পরিস্থিতি, অভিবাসীদের সুরক্ষা এবং বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরাও নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের অভিবাসনসংক্রান্ত সাম্প্রতিক অবস্থান ও অঙ্গীকার তুলে ধরেন। এ ছাড়া পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বোয়েসেল, আইওএম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।