আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বর্ণপদকজয়ী তিন শিক্ষার্থীকে ল্যাপটপ এবং প্রতিনিধিদলের অন্য সদস্যদের বই উপহার দেন তিনি।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি তাদের পড়াশোনা, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধা বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রযুক্তি ও গবেষণাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্বর্ণপদকজয়ী তিন শিক্ষার্থী—হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেওয়া হয়।
এ ছাড়া প্রতিনিধিদলের অন্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম এবং মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেন প্রধানমন্ত্রী।
প্রতিনিধিদল জানায়, তারা আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানএআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশ নেবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তাদের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
একই সঙ্গে বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী এ উদ্যোগেও সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। মেধাবী তরুণদের হাত ধরেই প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন রাজু, কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান, কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ে অনুষ্ঠিতব্য