ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৪:৪২
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ


আজ ঐতিহাসিক ৫ আগস্ট। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনের অবসান ঘটে। আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণহানির পর দেশের রাজনৈতিক ইতিহাসে সূচনা হয় নতুন এক অধ্যায়ের।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক গণঅভ্যুত্থানে।


২০২৪ সালের ৫ আগস্ট সকাল থেকেই রাজধানী ঢাকায় ছিল থমথমে পরিস্থিতি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজপথে বাড়তে থাকে মানুষের ঢল। দুপুরের পর সেই জনস্রোত রূপ নেয় জনসমুদ্রে। ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন শুধু শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীরাই নন; সন্তানের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন মায়েরা, সন্তানদের ঘরে ফিরতে বলা বাবারা, শহীদ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ এতে যোগ দেন।


পরিস্থিতি একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ত্যাগ করেন। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় সবার দৃষ্টি ছিল সেনাপ্রধানের নির্ধারিত ভাষণের দিকে।


দুপুর ২টায় সেনাপ্রধানের ভাষণ দেওয়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা বিলম্বে বিকেল ৩টায় জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।


সেনাপ্রধানের ঘোষণার পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজয় উল্লাসে মেতে ওঠেন মানুষ। ছাত্র-জনতার জনস্রোত তখন বিজয় মিছিল নিয়ে পৌঁছে যায় গণভবনের দিকে। হাজারো মানুষ গণভবনের বিভিন্ন প্রান্তে জড়ো হন। গণতন্ত্র ফিরে পাওয়ার প্রত্যাশায় সেদিনের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।


২০২৪ সালের ৫ আগস্টের সেই দিনটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত দিন হিসেবে স্মরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য