রেলের জমি নতুন করে আর লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, বর্তমানে যেসব জমি লিজ দেওয়া হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে এবং যেখানে আইনি জটিলতা থাকবে না, সেখানে লিজ বাতিল করে জমিগুলো পুনর্গঠন করা হবে।
শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রেলের অব্যবহৃত অনেক জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে রেলের সম্পদ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
চট্টগ্রামে রেলের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ এবং কিছু কর্মকর্তার বিরুদ্ধে সেসব স্থাপনা ভাড়া দেওয়ার অভিযোগ প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘এটি একটি গণতান্ত্রিক সরকার। জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। তাই যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রেলের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ব্যবস্থায় দলীয়করণের কোনো সুযোগ নেই। এরপরও কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রেলপথ প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীসেবা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে যাবে এবং ভ্রমণের সময় প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রুটেও ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।