নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:৩৬
নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন


নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।


সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত বিশেষ সভায় তিনি এ কথা বলেন।


মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার কাজ করে চলেছে। একই সঙ্গে সরকারের প্রতিটি কার্যক্রমে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।


তিনি বলেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব জনসমর্থন দেখা গেছে। প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় গণসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিতে গেলে সেখানে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে সরকার দায়িত্ব ও দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।


প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের পেছনে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। ফ্যাসিবাদবিরোধী দেড় দশকের আন্দোলনে গুম, খুন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল।


তিনি বলেন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো এক হয়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটায়। এর মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যেখানে মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত থাকবে।


মাহদী আমিন দাবি করেন, গত ছয় মাসে সরকারের কার্যক্রমে বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে। কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি বলেও দাবি করেন তিনি।


তিনি বলেন, বিভিন্ন সময় বাকস্বাধীনতার সীমালঙ্ঘন হয়েছে, উসকানি দেওয়া হয়েছে এবং অশোভন আচরণও করা হয়েছে। কিন্তু সরকার সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।


সংসদ কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বর্তমানে একটি প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত সংসদ দেখা যাচ্ছে। সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে পরস্পরের আলোচনা ও সমালোচনা করছেন এবং যৌক্তিকভাবে নিজেদের বক্তব্য তুলে ধরছেন।


মাহদী আমিন জানান, সরকার গঠনের পর দেশের ইতিহাসে নজিরবিহীনভাবে সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।


সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য