নেপালে আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং দোয়া করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এসব শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
২০২৬ সালে মারা যাওয়া সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন সরকার এবং ১১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়। তারা হলেন—মোহাম্মদ রুস্তম আলী মোল্লা, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হারুন আল রশিদ, মোশারফ হোসেন মিয়া, সেলিমা আহমাদ, শরফ উদ্দিন খসরু, নজরুল ইসলাম চৌধুরী, গোলাম সরোয়ার হিরু, সতীশ চন্দ্র রায়, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মহব্বত জান চৌধুরী।
এ ছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীন, শিল্পী মুস্তাফা মনোয়ার, শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক এবং ভাষাসৈনিক ডা. মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।
দেশ ও বিদেশে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাতেও সংসদে শোক প্রকাশ করা হয়।
এ সময় দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা জামায়াতের সাবেক দুই সংসদ সদস্য আবু সাদাত মোহাম্মদ আবু সাঈদ ও গাইবান্ধার আব্দুল আজিজের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি দাঁড়িয়ে নাটোরের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমানের নাম ঘোষণা করেন। একই সঙ্গে নেপালে আকস্মিক বন্যায় হতাহতদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন তিনি।
পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবগুলো গৃহীত হয়। এরপর নেপালের আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে সংসদ সদস্যরা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। শেষে নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।