নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ প্রয়োজনীয় যেকোনো সহায়তায় নেপালের পাশে থাকার কথা জানিয়েছে ঢাকা।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক ও সংহতির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের মর্মান্তিক দুর্যোগের পরিস্থিতি বাংলাদেশ সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। এতে বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং পর্যটকসহ আরও অনেকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতীম নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা এবং পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে দুর্যোগে নিহতদের আত্মার প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
দুর্যোগের এই কঠিন সময়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতায় নেপালকে যেকোনো ধরনের সম্ভাব্য সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।