নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলবে। সব মিলিয়ে ১৩টি রুটে ১৪টি বাস এ সেবা দেবে।
তিনি বলেন, আগামী দিনে পিংক বাসের রুট আরও সম্প্রসারণ এবং বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমানে যাত্রীদের জন্য যে পরিবেশ তৈরি করা হয়েছে, সেটি আরও উন্নত করা হবে।
মন্ত্রী বলেন, নারী যাত্রীরা যেন পিংক বাসে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস চলাচল করবে। নতুনবাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল এবং আব্দুল্লাহপুর-মতিঝিলসহ বিভিন্ন রুটে এসব বাস চলবে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও পিংক বাসের সেবা থাকবে।
নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে বিআরটিসি।